টেরিবাজারে অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু, পুড়েছে তিন দোকান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ন, ১৯ মার্চ ২০২৬ | আপডেট: ৩:৪১ অপরাহ্ন, ২১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম নগরের টেরিবাজার এলাকার কে বি অর্কিড প্লাজা নামের একটি বহুতল বিপণিকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তিনটি দোকানঘর পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে ভবনটির চতুর্থ তলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

অগ্নিকাণ্ডে মোহাম্মদ ইউনুস (৫২) ও মো. সোলাইমান (২৮) নামের দুই ব্যক্তি দগ্ধ হন। গুরুতর অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক নুরুল আলম আশিক জানান, আগুনের ঘটনায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে দুইজনকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, লালদীঘি সড়কের টেরিবাজার এলাকায় অবস্থিত এই বহুতল ভবনে বিভিন্ন দোকানপাট ও একটি বাণিজ্যিক ব্যাংকের কার্যালয় রয়েছে। সকালে চতুর্থ তলার ‘ওয়েস্টার্ন টেইলার্স’ নামের একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান জানান, ঘটনাস্থল থেকে তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ঈদুল ফিতরকে সামনে রেখে সাধারণত টেরিবাজার এলাকায় বিপণিবিতানগুলোতে ক্রেতাদের ব্যাপক ভিড় থাকে। তবে ঈদের ছুটি শুরু হওয়ায় সকালে লোকসমাগম তুলনামূলক কম ছিল। আগুনের খবর পেয়ে আশপাশের এলাকা থেকে অনেক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।