কিশোরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০
কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নান্দলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী একটি বাস নান্দলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন: গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন
দুর্ঘটনায় বাসচালকসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: নিত্যপণ্যের বাজারদর নিয়ে এমপি মান্নানের লিফলেট বিতরণ
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করা হয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।





