আশুলিয়ায় ডিবির অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Sanchoy Biswas
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ন, ১৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:১৭ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আশুলিয়ায় ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর) পরিচালিত বিশেষ অভিযানে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে আশুলিয়া থানাধীন মধ্য গাজীরচট এলাকার এবাদুল্লাহ মসজিদ মাদ্রাসা সড়কে অভিযান চালিয়ে মো. আফজাল হোসেন (৪৭) নামে ওই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. জাহিদুল ইসলামের তত্ত্বাবধানে ডিবি (উত্তর)-এর একটি দল অভিযানটি পরিচালনা করে।

অভিযানে গ্রেফতারকৃত আসামির কাছ থেকে একটি বিদেশি রিভলভার (ব্যারেলে “Made in Pakistan” খোদাই করা), দুই রাউন্ড গুলি, একটি বিদেশি ওয়ান শটার গান (বডিতে “Barma” লেখা) এবং একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

এ ছাড়া ঘটনাস্থল থেকে পলাতক সহযোগীদের ফেলে যাওয়া ডাকাতির সরঞ্জামাদি—দুটি ধারালো ছোরা ও একটি কুড়ালসদৃশ অস্ত্র জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে সহযোগীদের নিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আফজাল হোসেনের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ দেশের বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।