চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৬টার দিকে চট্টগ্রামের আকবর শাহ থানার উত্তর কাট্টলীর এইচ এম ভিলা থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: আশুলিয়ায় ডিবির অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক মেয়র মনজুর আলম। তাকে পুনরায় এনসিপির ব্যানারে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সামনে আনার চেষ্টা চলছে—এমন অভিযোগ তুলে ঘটনাস্থলে উপস্থিত জুলাইযোদ্ধা ও বিএনপি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় হাসনাত আবদুল্লাহর গাড়ি আটকে দিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন তারা। জুলাই আন্দোলনকে ধারণ করা ব্যক্তিদের ওপর হামলার অভিযোগ থাকা একজন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে গোপন বৈঠকের বিষয় নিয়েও প্রশ্ন তোলা হয়। প্রায় এক ঘণ্টা ধরে এলাকায় উত্তেজনা চলতে থাকে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় বিক্ষুব্ধ নেতাকর্মীদের।
আরও পড়ুন: ডিবির অভিযানে পাওয়া গেল বিপুল পরিমাণ গাঁজা, আটক ১
পরবর্তীতে পুলিশ প্রটোকল ও স্থানীয় বিএনপি নেতাদের সহায়তায় হাসনাত আবদুল্লাহ ঘটনাস্থল ত্যাগ করেন।
এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকাই স্বাভাবিক এবং এটি গণতন্ত্রের সৌন্দর্য। একই সঙ্গে রাজনৈতিক শিষ্টাচারের মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্ক বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
ঘটনাস্থলে মহানগর যুবদলের সহসভাপতি সাহেদ আকবর, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজিবুল হক বাপ্পি, মহারম আলী, আকবরশাহ থানা ছাত্রদলের সভাপতি ফাহিম উদ্দিন এবং ইসলামিয়া কলেজ ছাত্রদলের ইমনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামানও এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।





