শেরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় কারাগারে কারাভোগকালে মৃত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে ওই মরদেহ হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন বিশেষ দূত, শুনলেন শরণার্থীদের সংকট ও প্রত্যাবাসনের দাবি
মৃত ওই যুবকের নাম শিপন হাওলাদার (৩৫)। সে বরগুনা জেলা সদরের সবেজ হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, প্রায় ১৯ মাস আগে শিপন হাওলাদার ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হলে তাকে সেখানকার পুলিশে সোপর্দ করা হয়। এরপর ভারতীয় আদালত অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে কারাদণ্ড দিয়ে তুরা কারাগারে পাঠায়।
আরও পড়ুন: ফেনীর সংঘর্ষ মামলায় রাজধানী থেকে গ্রেফতার বিএনপি নেতা আলমগীর
এদিকে আগামী ২৮ এপ্রিল তার কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হঠাৎ শিপন গুরুতর অসুস্থ হয়ে পড়লে ভারতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার দুপুর একটায় শিপনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
মরদেহ হস্তান্তরকালে ভারতীয় বিএসএফ-এর পক্ষে ঢালু কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর কিমা রায়, বাংলাদেশের বিজিবি’র পক্ষে হাতিপাগার সুবেদার ফুল মিয়া সরকার, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামানসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।





