নড়াইলে সুলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

Sanchoy Biswas
সুলতান মাহমুদ, নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ন, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১:১৫ পূর্বাহ্ন, ০১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নড়াইলে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন। রোববার সন্ধ্যায় তিনি এ সংগ্রহশালা পরিদর্শন করেন। এ সময় নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আহসান মাহমুদ রাসেল, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম রাহসিন কবির, সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন সংগ্রহশালার গ্যালারিতে থাকা বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের আঁকা চিত্রকর্ম ঘুরে দেখেন। এ সময় তিনি বলেন, সুলতান স্মৃতি সংগ্রহশালায় সাজিয়ে ও গুছিয়ে রাখা সুলতানের আঁকা তেলরং ও জলরঙের ছবিগুলো বিশ্বমানের। এটি বাংলাদেশের একটি অনন্য সংগ্রহশালা।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন বিশেষ দূত, শুনলেন শরণার্থীদের সংকট ও প্রত্যাবাসনের দাবি

উল্লেখ্য, ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়ায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতান জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর চিরকুমার, অসাম্প্রদায়িক এই শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নড়াইলে নিজ বাড়ির আঙিনায় তাকে সমাহিত করা হয়। সুলতানের স্মৃতিকে ধরে রাখার জন্য তাঁর নিজ বাড়িতে নির্মিত হয়েছে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা।

শিল্পী সুলতানের আঁকা ছবি ভারতের সিমলা, পাকিস্তানের লাহোর, করাচি, নিউইয়র্ক, বোস্টন, মিশিগান বিশ্ববিদ্যালয়, লন্ডন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জার্মান সাংস্কৃতিক কেন্দ্র এবং ঢাকায় প্রদর্শিত হয়েছে। চিত্রশিল্পী এস এম সুলতান ১৯৮২ সালে একুশে পদক, ১৯৯৩ সালে স্বাধীনতা পদক পান। এছাড়া ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট এবং ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সম্মাননা পান তিনি।

আরও পড়ুন: ফেনীর সংঘর্ষ মামলায় রাজধানী থেকে গ্রেফতার বিএনপি নেতা আলমগীর