আশুলিয়া ধামসোনা ইউনিয়নের আলেম সমাজের সঙ্গে ইসরাফিল হোসেনের মতবিনিময়
ধামসোনা ইউনিয়নকে একটি সমৃদ্ধ, আধুনিক ও ঐক্যবদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলেম সমাজের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় বাইপাইল এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে ধর্মীয় মূল্যবোধ, সুশাসন এবং স্থানীয় উন্নয়নকে ঘিরে গুরুত্বপূর্ণ আলোচনা উঠে আসে, যা উপস্থিতদের মাঝে আগ্রহ সৃষ্টি করে।
আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী (দা. বা.)। তিনি তার বক্তব্যে বলেন, একটি সমাজের উন্নয়ন অনেকাংশে নির্ভর করে নেতৃত্বের সততা ও নৈতিকতার ওপর। যারা নৈতিকতা থেকে বিচ্যুত এবং অতীতে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাদের দ্বারা সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। তাই জনগণকে সৎ, দায়িত্বশীল ও আদর্শবান প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, নেতৃত্ব এমন ব্যক্তির হাতে থাকা উচিত, যিনি মানুষের কল্যাণে নিবেদিত এবং আল্লাহভীরু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন মুফতি আল আমীন খন্দকার আমীনী।
আরও পড়ুন: চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬
সভায় বক্তব্য রাখেন মাওলানা তাজুল ইসলাম, মাওলানা ইলিয়াস, মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা আবু বক্কর, মাওলানা আবু সালেহ, মাওলানা আলমগীর, মাওলানা নাসির উদ্দীন, মাওলানা আলমগীর হোসেন জাফরী, মাওলানা আমীর হোসেন ও মাওলানা সাইফুল্লাহ প্রমুখ। বক্তারা ধামসোনা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং ন্যায়ভিত্তিক নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন, বরং একজন সাধারণ মানুষ হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন এবং আলেম-ওলামাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
তিনি জানান, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি আদর্শ ইউনিয়ন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, আপনারা যদি আমাকে ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে ইনশাআল্লাহ ইউনিয়নের প্রতিটি রাস্তা উন্নয়নের আওতায় আনা হবে। পাশাপাশি শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে।
মতবিনিময় সভাটি স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া ফেলে। উপস্থিত অনেকেই উন্নয়নমূলক পরিকল্পনা ও সুশাসনের প্রতিশ্রুতিকে স্বাগত জানান। সামনের নির্বাচনকে ঘিরে এমন আলোচনা সভা এলাকার রাজনৈতিক পরিবেশে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





