রূপপুর প্রকল্পে ব্যায়াম করার সময় রুশ নাগরিকের মৃত্যু
পাবনার ঈশ্বরদী-তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প-এর নতুনহাট গ্রিন সিটি আবাসিকে ব্যায়াম করার সময় চুরকিন ভ্লাদিমির নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ মে) সন্ধ্যায় ব্যায়ামরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদনে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
নিহত চুরকিন ভ্লাদিমির রোসাটম-এর সহযোগী প্রতিষ্ঠান অ্যাটমটেক এনার্গো-তে কর্মরত ছিলেন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজে নিয়োজিত ছিলেন।
আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্মকর্তা আসাদুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।





