নাজিরপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Sanchoy Biswas
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ন, ১৪ মে ২০২৬ | আপডেট: ৮:০১ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার ৬ নম্বর নাজিরপুর ইউনিয়নের ছোট আমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪)। তারা পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নের ভরতকাঠী গ্রামের মো. মিরাজ শেখের দুই ছেলে।

আরও পড়ুন: আল্লামা বাবুনগরীর নেতৃত্বে ৭ ইসলামী দলের ঐক্যবদ্ধ কর্মকাণ্ডের ঘোষণা

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত দুই ভাই মায়ের সঙ্গে দুই দিন আগে নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নের ভরতকাঠী গ্রাম থেকে নাজিরপুর উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের আমতলা গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। আজ সকাল থেকেই তারা তাদের মায়ের সাথেই খেলা করছিল। নানার বাড়িতে বড় ভাই আব্দুর রহমান (৬) টিউবওয়েলের পানি চেপে তার মাকে সাহায্যও করেছিল।

জানা যায়, পাশেই একটি পুরাতন খাল ছিল। কয়েকদিন আগে সেটি সরকারিভাবে কাটা হয়েছিল। খালটি অনেক গভীরও ছিল। সেখানেই গতকাল তাদের মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে তারা স্রোত খেয়েছিল। আজ সেই লোভে মাকে ফাঁকি দিয়ে দুই ভাই পাশেই থাকা সেই খালে দুপুর ১টার দিকে গিয়ে নিখোঁজ হয়। বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি করেও পাননি। একপর্যায়ে বাড়ির সামনের সরকারিভাবে কাটা খালেই তাদের লাশ ভেসে ওঠে।

আরও পড়ুন: কিশোরগঞ্জে উপজেলা বিএনপির সভাপতিকে বাড়ির সামনে কুপিয়ে হত্যা

নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রাসেল সিকদার বলেন, ধারণা করা হচ্ছে, একজন অসাবধানতাবশত নতুন কাটা খালের পানিতে পড়ে গেলে আরেকজন তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে যায়।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার স্নিগ্ধা মিত্র জানান, আমাদের হাসপাতালে পানিতে পড়া দুই শিশুকে যখন নিয়ে আসা হয়, তখন তারা মৃত অবস্থায় ছিল।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম কালবেলাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।