আশুলিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে জরিমানা, ফার্মেসি সিলগালা

Sanchoy Biswas
জাহাঙ্গীর আলম প্রধান, আশুলিয়া
প্রকাশিত: ১০:১২ অপরাহ্ন, ১৮ মে ২০২৬ | আপডেট: ২:৪২ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি ফার্মেসিসহ দুটি হোটেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

নকল কনডম বিক্রি, অনুমোদনহীন যৌন উত্তেজক ওষুধ সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের অভিযোগে জরিমানা ও একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।

আরও পড়ুন: ‎করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট

সোমবার (১৮ মে) বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

অভিযানকালে রাজধানী সার্জিক্যাল ফার্মেসিতে নকল কনডম ও অনুমোদনহীন যৌন উত্তেজক ওষুধ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং ফার্মেসিটি সিলগালা করা হয়।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার পর আরিচা মহাসড়কে নিন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচল

একই অভিযানের অংশ হিসেবে বাইপাইল এলাকার রূপসা হোটেল ও খান হোটেলে তদারকি চালানো হয়। এ সময় খাবারে ক্ষতিকর রং ব্যবহার এবং রান্না করা খাবারের সঙ্গে কাঁচা মাংস একই ফ্রিজে সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে রূপসা হোটেলকে ২০ হাজার টাকা এবং খান হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, জনস্বাস্থ্য ও ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।