ম্যাসেঞ্জারে বিরক্তের পর ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, বাড়ির মালিক গ্রেপ্তার
শেরপুরে ভাড়াটিয়া এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক এনামুল হককে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্তকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। শনিবার (২৩ মে) দুপুরে শেরপুর পৌর শহরের সজবরখিলা মহল্লায় এ ঘটনা ঘটে। পরে রাতে ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে শেরপুর সদর থানায় মামলা দায়ের করে।
অভিযুক্ত এনামুল হক ওই বাড়ির মালিক এবং শেরপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রায় পাঁচ মাস আগে গৃহবধূ ও তার স্বামী এনামুলের বাড়িতে ভাড়া ওঠেন। গৃহবধূর স্বামী একটি আসবাবপত্রের দোকানে কাজ করায় দিনের বেশিরভাগ সময় বাইরে থাকতেন। সেই সুযোগে অভিযুক্ত বিভিন্ন সময় মেসেঞ্জারে গৃহবধূকে কুপ্রস্তাব দিতেন।
পরিবারের দাবি, শনিবার দুপুরে এনামুল কৌশলে গৃহবধূর ঘরে প্রবেশ করে তার মুখ চেপে ধরে ধর্ষণ করেন। পরে গৃহবধূ বিষয়টি স্বামী ও পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে স্থানীয় লোকজন অভিযুক্তকে অবরুদ্ধ করেন। পরে রাতে শহরের খোয়ারপাড়া শাপলাচত্বর মোড় এলাকায় তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি
এদিকে অভিযুক্তের গ্রেপ্তারের পর তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার রাতে শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। একপর্যায়ে বিক্ষোভকারীরা শেরপুর সদর থানার সামনেও অবস্থান নেন। পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার জানান, রোববার আদালতের মাধ্যমে অভিযুক্ত এনামুল হককে জেলহাজতে পাঠানো হয়েছে।





