ফেনীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বিতরণ হবে ২৫ হাজার চারা

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬ | আপডেট: ১১:১০ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের মধ্যে ২৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে।

‘আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে শনিবার (১৩ জুন) জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ ফেনীর যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা হক।

আরও পড়ুন: নাজিরপুরে বৃদ্ধাশ্রমের শুভ উদ্বোধন

সামাজিক বন বিভাগ ফেনীর বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আল আমিন সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর অতিরিক্ত পরিচালক মো. মাসুদ হোসেন, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার এবং জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মনিরা হক বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: কুলাউড়ায় নিহত মুজিবের মরদেহ ফেরত দিলো বিএসএফ

বক্তারা বলেন, শুধু চারা রোপণ নয়, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। ‘একটি গাছ একটি প্রাণ’—এই উপলব্ধি থেকে সবাইকে বৃক্ষরোপণ ও সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ও অতিথিরা শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।