পুলিশ কর্মকর্তা দম্পতি গ্রেফতার

Sadek Ali
খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ন, ১৮ জুন ২০২৬ | আপডেট: ১:১৭ অপরাহ্ন, ১৮ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

খুলনার সোনাডাঙ্গা এলাকায় এক কিশোরী গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা ও শারীরিক নির্যাতনের অভিযোগে পুলিশের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন সোনাডাঙ্গা থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্র।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ ওই দম্পতিকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্ক সংলগ্ন একটি ভাড়া বাসায় এ নির্যাতনের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, জানালা দিয়ে দেখা যায় গরম কড়াই দিয়ে কিশোরীর শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হচ্ছে। পরে তাকে কান ধরে ওঠবস করানো হয় বলেও দাবি করা হয়।

আরও পড়ুন: চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

স্থানীয়দের ভাষ্যমতে, রান্নার সময় তরকারি পড়ে যাওয়াকে কেন্দ্র করে গৃহকর্ত্রী পপি মিত্র কিশোরীর ওপর নির্যাতন চালান। পরে তার স্বামী সঞ্জয় মিত্রও এতে জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে। প্রতিবেশীরা আরও জানান, দীর্ঘদিন ধরে ওই গৃহকর্মীর ওপর নির্যাতন চালানো হতো এবং তার শরীরে পুরোনো আঘাতের চিহ্নও পাওয়া গেছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর মা ভোরে নরসিংদী থেকে খুলনায় এসে মামলা দায়ের করেন। মামলার পর অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।