কালিয়াকৈরে গার্মেন্টসে পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

Sadek Ali
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ন, ১৮ জুন ২০২৬ | আপডেট: ২:৩০ অপরাহ্ন, ১৮ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করার পর ২০০-এর বেশি শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকদের বরাতে জানা যায়, সকালে কাজ শুরুর কিছুক্ষণ পর কারখানার সরবরাহকৃত পানি পান করেন শ্রমিকরা। এর কিছু সময়ের মধ্যেই কয়েকজন শ্রমিক মাথা ঘোরা, বমি ও শারীরিক দুর্বলতার মতো উপসর্গে আক্রান্ত হন। পরে ধীরে ধীরে বিভিন্ন ফ্লোরের আরও শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

এ ঘটনায় কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক শ্রমিক অচেতন হয়ে পড়েন এবং একাধিকজন ফ্লোরে পড়ে যান। পরে তাদের দ্রুত উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

কারখানার শ্রমিকরা জানান, তারা প্রতিদিনের মতো কারখানার সাপ্লাইয়ের পানি পান করেন। পানি পান করার পরই একে একে অসুস্থতার লক্ষণ দেখা দেয়।

অসুস্থ শ্রমিক জাহিদ, মাজেদুল ও তন্নি আক্তার বলেন, সকালে পানি পান করার কিছুক্ষণের মধ্যেই অনেক শ্রমিকের মাথা ঘোরা ও বমি শুরু হয়। পরে শত শত শ্রমিক একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন জানান, সকাল সাড়ে ১০টার দিকে অসংখ্য শ্রমিককে হাসপাতালে আনা হয়। রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে, তবে সবাইকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।