ময়লার স্তূপে মিলল যুবকের লাশ

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ন, ২৯ জুন ২০২৬ | আপডেট: ৭:১৫ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে ময়লার স্তূপ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) সকালে সদর উপজেলার মাধবদী থানাধীন মারকাজ মসজিদের পাশে ময়লার স্তূপ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

নিহত যুবকের নাম দিগন্ত (২৭)। তিনি মাধবদী থানাধীন দক্ষিণ বিরামপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে।

পরিবার ও স্বজন সূত্রে জানা যায়, গত ২৮ জুন (রোববার) বিকেলে দিগন্ত বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তাঁর কোনো সন্ধান পাননি। সোমবার সকালে ময়লার স্তূপে একটি মরদেহ পড়ে রয়েছে—এমন খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত দিগন্তের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন: চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত দিগন্ত পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।

এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, ময়লার স্তূপে মরদেহ পড়ে রয়েছে—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনও বলা যাচ্ছে না। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে। শিগগিরই হত্যার রহস্য উদ্ঘাটনের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে।