আশুলিয়ায় গাঁজাসহ পারভীন আক্তার গ্রেপ্তার
ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ পারভীন আক্তার (৪৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয়ভাবে তার পরিচালিত একটি মাদক বিক্রয়কেন্দ্র 'পারভীন স্পট' নামে পরিচিত ছিল বলেও দাবি করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) দুপুরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার পারভীন আক্তার আশুলিয়া থানার বাইপাইল আমবাগান কবরস্থান এলাকার বাসিন্দা। তিনি মৃত আলাল মিয়ার মেয়ে এবং মোকছেদুর রহমান ওরফে আক্তারের স্ত্রী।
আরও পড়ুন: কুমিল্লা থেকে চুয়াডাঙ্গায় যাওয়ার পথে আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার
পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ জুন) রাত ১০টা ২০ মিনিটের দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পারভীন আক্তারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে পারভীন আক্তারের দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বে চারটি মামলা রয়েছে।
ওসি মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। মাদক ব্যবসা, পরিবহন ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।





