প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে কাজের বিষয়ে চীনের ঐকমত্য: মাহদী আমিন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ন, ২৬ জুন ২০২৬ | আপডেট: ১:১৭ পূর্বাহ্ন, ২৭ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে চীনের ঐকমত্য হয়েছে।

শুক্রবার (২৬ জুন) রাতে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাহদী আমিন জানান, সফরে মালয়েশিয়া ও চীনের সঙ্গে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, এই সফরের মাধ্যমে চীনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার বিষয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক সমঝোতা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, চীনের প্রেসিডেন্টের উত্থাপিত করিডর-সংক্রান্ত প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। তার মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন: সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

এর আগে গত রোববার (২১ জুন) রাষ্ট্রীয় সফরে প্রথমে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর সোমবার (২২ জুন) বিকেলে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হন তিনি।

চীন সফরকালে দেশটির প্রধানমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সফরের শেষ দিনে শুক্রবার সকালে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি।

পরে বাংলাদেশ সময় বিকেল ৩টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেইজিং ত্যাগ করেন প্রধানমন্ত্রী। একই দিন সন্ধ্যা পৌনে ৮টায় তাকে বহনকারী বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেশে ফেরেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়া ও চীন সফর ছিল তার প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফর।