শ্রীপুরের সড়ক ধস: প্রধানমন্ত্রীর নির্দেশে পরিদর্শনে প্রতিমন্ত্রী

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ১১:৫৮ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের একটি অংশ ধসে পড়ার ঘটনায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবার বিকেলে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া এলাকায় শ্রীপুর-দমদমা-গাজীপুর সড়কের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন শেষে তিনি বলেন, সয়েল টেস্টে মাটির দুর্বলতা এবং বালু-মাটির সংমিশ্রণে সৃষ্ট ভ্যাকুয়ামের কারণে সড়কের ৮৩ মিটার অংশ ধসে গেছে। দ্রুত স্থায়ী ও টেকসইভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। তাঁর নির্দেশেই তিনি ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন। তিনি বলেন, কবরস্থান সংরক্ষণের কারণে সড়কটি নদীর কিনারা ঘেঁষে নির্মাণ করা হয়। এছাড়া ধান শুকানোর মৌসুমে ভারী যানবাহনের চাপও ক্ষতির অন্যতম কারণ। ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বও খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শন, দক্ষ মানবসম্পদ উন্নয়নে জোর

তিনি আরও বলেন, নদীঘেঁষা মোট ২ হাজার ৯০০ মিটার সড়কের মধ্যে মাত্র ৮৩ মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই অংশে বড় ধরনের পাইলিং করে নতুন নকশায় দ্রুত সংস্কার করা হবে, যাতে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়।

এ সময় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু, এলজিইডির প্রকল্প পরিচালক বাবুল আখতার, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঞাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চট্টগ্রামে প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায়দের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আবু সুফিয়ান