গাজীপুরে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার-৭
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানা বিশেষ অভিযান চালিয়ে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে। রোববার (৫ জুলাই) জিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— কাশিমপুর থানা এলাকার পশ্চিম শৈলডুবি এলাকার মো. রিপন হোসেন (২০), ভোলা সদরের সাচিয়া এলাকার মোছা. আকলিমা (৪২), নাটোরের গুরুদাসপুর নোয়াপাড়াহাট এলাকার মো. রাব্বি সম্রাট (২৩), একই জেলার সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার মো. আব্দুস ছালাম (৪৫), রংপুরের বাউনিয়া থানার পূর্ব মিয়াপাড়া এলাকার মো. মোস্তাকিম (২২), কাশিমপুর থানার সারদাগঞ্জ পশ্চিমপাড়া পুকুরপাড় এলাকার মো. রবিউল আলম (৩৮) ও মো. মামুন (২৮)।
আরও পড়ুন: হঠাৎ বিত্তবৈভবের মালিক বনে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য, জুয়া প্রতিরোধ আইনে গ্রেফতার
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মহানগরের সারদাগঞ্জ মুন্সি মার্কেট এলাকার জনৈক জাহেরার বাড়িতে অভিযান চালিয়ে ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪ হাজার টাকাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
একই রাত সোয়া ১১টার দিকে সারদাগঞ্জ হাজী মার্কেট পুকুরপাড় এলাকা থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৭ হাজার ৭০০ টাকাসহ আরও ৩ জনকে এবং একই দিন বিকেল সোয়া ৩টার দিকে কাশিমপুর থানার পশ্চিম শৈলডুবি এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ রিপন হোসেনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন





