বান্দরবানে পাহাড়ধসে বন্ধ যোগাযোগ, হিল ভিডিপির তৎপরতায় সচল সড়ক
পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে মঙ্গলবার দুপুরে ভারী বর্ষণে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। সড়ক বন্ধ হলে (গজালিয়া আর্মি ক্যাম্পে কর্মরত) ভিডিপি প্লাটুন লিডার হাফিজুর রহমানের নেতৃত্বে হিল ভিডিপি সদস্যরা দ্রুত এগিয়ে আসেন। প্রবল বৃষ্টির মধ্যেই মাটি ও উপড়ে পড়া গাছ কেটে তারা রাস্তাটি দ্রুত সচল করেন।
প্রতিকূল আবহাওয়ায় হিল ভিডিপি সদস্যদের এমন দায়িত্বশীল ও মানবিক উদ্ধার তৎপরতা পাহাড়ি মানুষের মাঝে গভীর কৃতজ্ঞতাবোধ তৈরি করেছে। বড় গণমাধ্যমের অগোচরে থাকা এই নিরলস সেবামূলক কাজ স্থানীয় জনসাধারণের মনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি সদস্যদের প্রতি আস্থা ও ভালোবাসার জায়গা আরও দৃঢ় করেছে।
আরও পড়ুন: চুয়েটে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করলেন নতুন উপাচার্য
১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) গঠন করেন। উদ্দেশ্য ছিল তৃণমূলের নিরাপত্তা ও আঞ্চলিক স্বনির্ভরতা নিশ্চিত করা। প্রান্তিক মানুষকে দেশের উন্নয়ন প্রক্রিয়ায় সরাসরি সম্পৃক্ত করার জন্য ছিল তাঁর এই দূরদর্শী পরিকল্পনা।
সেই ভাবনার প্রতিফলন আজ বৃহৎ পরিসরে পার্বত্য অঞ্চলেও দৃশ্যমান। সমতলের ভিডিপি/টিডিপির পাশাপাশি পাহাড়ের সুরক্ষায় নিয়োজিত হিল ভিডিপি সদস্যরা দুর্যোগের মুহূর্তে সাধারণ মানুষের পরম বন্ধুতে পরিণত হয়েছেন। দেশ ও মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) প্রতিনিয়ত নীরব অবদান রাখছে।
আরও পড়ুন: তাজমিন হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক
এই উদ্ধার অভিযান প্রমাণ করে যে, প্রতিষ্ঠার দীর্ঘ সময় পরেও ভিডিপি তার মূল লক্ষ্য বজায় রেখেছে। প্রান্তিক মানুষের আস্থা ও ভালোবাসায় সিক্ত হয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি সদস্যরা দেশ ও মানুষের সেবায় প্রতিনিয়ত নিয়োজিত রয়েছেন।





