সারাদেশে তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি, বৃষ্টির পূর্বাভাস দুই বিভাগে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:১০ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে শীতের আমেজ আরও বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরও পড়ুন: দেশজুড়ে বইছে শীতের আমেজ

এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রাও সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময়ে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরও পড়ুন: ছয় বিভাগে বৃষ্টির আভাস, রাতের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়নি। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (২৭ নভেম্বর) এবং শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। এ দুই দিনও আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন পর সারাদেশে তাপমাত্রা বাড়তে পারে। ফলে কয়েক দিন তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়লেও পরবর্তী সময়ে আবহাওয়ায় আবার পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।