৫ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে শেষ হলো ডিএনসিসি আন্তর্জাতিক হাফ ম্যারাথন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৪০ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক হাফ ম্যারাথন-২০২৬ প্রতিযোগিতা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে। তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেন প্রায় ৫ হাজার প্রতিযোগী।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টায় রাজধানীর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) গেট থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। এ সময় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রাজধানীর আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত ২

প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে দৌড় অনুষ্ঠিত হয়। ভোর ৫টায় ২১ দশমিক ৫ কিলোমিটারের হাফ ম্যারাথনের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। এরপর ভোর সাড়ে ৫টায় শুরু হয় ১০ কিলোমিটারের দৌড়। সবশেষে সকাল সাড়ে ৭টায় শিশু-কিশোরদের জন্য ১ দশমিক ৫ কিলোমিটারের দৌড়ের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষ হয়।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার তিনটি ক্যাটাগরিতে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে মেডেল বিতরণ করা হয়।

আরও পড়ুন: চকবাজারে ৬ তলা ভবনের প্লাস্টিকের গোডাউনে আগুন

পরে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন আনুষ্ঠানিকভাবে প্রতিটি ক্যাটাগরির ১০ জন করে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। এরপর র‍্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে ডিএনসিসি আন্তর্জাতিক হাফ ম্যারাথন-২০২৬ প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।