সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি, পালিয়ে গেল দুইজন
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১২ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে। তবে বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, ভোর সাড়ে ৪টার দিকে তলুইগাছা বিওপির একটি টহল দল সীমান্তে নিয়মিত দায়িত্ব পালন করছিল। এ সময় সীমান্তের মেইন পিলার-১৩ সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনক কথাবার্তার শব্দ শুনে টহল দল সতর্ক অবস্থান নেয়।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে প্রশাসনিক সংস্কার: ২ বছরে মেধাভিত্তিক নিয়োগ ও পদোন্নতিতে অভূতপূর্ব সাফল্য
পরে শূন্যরেখা (জিরো লাইন) থেকে বাংলাদেশের প্রায় ৫০ গজ অভ্যন্তরে চারাবাড়ি এলাকায় দুই অজ্ঞাতনামা চোরাকারবারিকে দেখতে পান বিজিবি সদস্যরা। টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত স্থান পরিবর্তনের চেষ্টা করে।
বিজিবির পক্ষ থেকে তাদের থামতে, পরিচয় দিতে এবং আত্মসমর্পণের জন্য একাধিকবার নির্দেশ দেওয়া হলেও তারা নির্দেশ অমান্য করে ভারতের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন।
আরও পড়ুন: বাঁশখালীতে বন্যাকবলিত মানুষের পাশে ‘নিরাপদ সড়ক আন্দোলন’
বিজিবি জানায়, নিরাপত্তার স্বার্থে এবং চোরাকারবারিদের গতিরোধের উদ্দেশ্যে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে সম্ভাব্য একটি বড় ধরনের চোরাচালান পরিকল্পনা নস্যাৎ হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।
গুলির মুখে চোরাকারবারিরা রাতের অন্ধকার এবং সীমান্তবর্তী ঝোপঝাড়ের সুযোগ নিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বিজিবি ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনার পর সীমান্ত এলাকায় চোরাচালান ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। তলুইগাছাসহ আশপাশের সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং নিয়মিত টহল আরও জোরদার করা হয়েছে।





