কাপাসিয়ায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

Sanchoy Biswas
এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর)
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ন, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ২:৫১ পূর্বাহ্ন, ১৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে। ১২ জুলাই (রোববার) দিনব্যাপী সেনাবাহিনীর সদর দপ্তরের লজিস্টিকস এরিয়ার আয়োজনে কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়।

রাজেন্দ্রপুর স্টেশন সদর দপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এলাকার প্রায় এক হাজার দুস্থ ও অসহায় নারী-পুরুষকে উন্নতমানের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গাইনি, সার্জারি, মেডিসিন ও শিশু বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট বিষয়ে চিকিৎসা, ব্যবস্থাপত্র এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। জটিল রোগীদের ক্ষেত্রে মাঠপর্যায়ে চিকিৎসা প্রদান সম্ভব না হলে পরবর্তীতে তাদের রাজেন্দ্রপুর সিএমএইচ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসহায়তা প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে প্রশাসনিক সংস্কার: ২ বছরে মেধাভিত্তিক নিয়োগ ও পদোন্নতিতে অভূতপূর্ব সাফল্য

সকাল থেকেই মেডিকেল অফিসারের তত্ত্বাবধানে সেবাপ্রার্থী রোগীদের নিবন্ধন করা হয়। পরে রোগীদের বৃত্তান্ত শুনে পরীক্ষা-নিরীক্ষা করে রোগের ধরন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হয়।

এর আগে গত শনিবার এলাকায় মাইকিং করে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের বিষয়টি জানানো হয়। সেনাসদস্যদের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোগীদের উপস্থিতিও বাড়তে থাকে। পুরুষ ও মহিলাদের জন্য পৃথক লাইনে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।

আরও পড়ুন: বাঁশখালীতে বন্যাকবলিত মানুষের পাশে ‘নিরাপদ সড়ক আন্দোলন’

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তারা সবসময় জনগণের পাশে থেকে সেবা দিয়ে আসছে এবং এর ধারাবাহিকতায় ভবিষ্যতেও চিকিৎসাসেবা প্রদান করা হবে। কাপাসিয়ায় চলমান গ্রীষ্মকালীন (৫ থেকে ১৪ জুলাই) ১০ দিনব্যাপী প্রশিক্ষণ এবং জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান অতিথি হিসেবে ঢাকা সেনানিবাসের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান (এসজিপি, এসইউপি, এনডিসি, এইচডিএমসি) মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় রাজেন্দ্রপুর স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার নাসির উপস্থিত ছিলেন।

জিওসি মেডিকেল ক্যাম্প পরিদর্শনের সময় অপেক্ষমাণ রোগী ও এলাকাবাসীর সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন। তিনি সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করে চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি জটিল রোগীদের প্রয়োজনে রাজেন্দ্রপুর সিএমএইচ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন। পরে রোগীদের সঙ্গে আসা শিশুদের হাতে নিজে বিস্কুট ও চকলেট তুলে দেন।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ পেয়ে তারা উপকৃত হয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান তারা।

সেনাবাহিনীর কর্মকর্তারা বলেন, দেশের জনগণের পাশে থেকে মানবিক ও সামাজিক দায়িত্ব পালনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় অঙ্গীকারবদ্ধ। সামরিক প্রশিক্ষণের পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমও ভবিষ্যতে ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।