খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএমএসএফ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ৭:১৪ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

খুলনায় পেশাদার সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি এনামূল কবীর রূপম এবং মহাসচিব খায়রুজ্জামান কামাল এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৪ জুলাই রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে খুলনা মহানগরীর জাতিসংঘ শিশু পার্কের সামনে মোটরসাইকেলে আসা দুই হেলমেটধারী দুর্বৃত্ত একদল সাংবাদিককে লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ করে।

হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এসএ টিভির রাকিবুল ইসলাম মতি, স্টার নিউজের রাফিউল ইসলাম টুটুল, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের আওয়াল শেখ এবং দৈনিক আমাদের সময় ও দৈনিক খুলনাঞ্চলের সৈয়দ রানা কবির।

আরও পড়ুন: চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

গুলিবর্ষণের ঘটনায় স্প্লিন্টারের আঘাতে আহত সাংবাদিক আওয়াল শেখের দ্রুত সুস্থতা কামনা করেছে বিএমএসএফ।

সংগঠনটির নেতারা বিবৃতিতে বলেন, এ ধরনের পূর্বপরিকল্পিত ও প্রকাশ্য সন্ত্রাসী হামলা শুধু সাংবাদিকদের জীবননাশের অপচেষ্টাই নয়, এটি মুক্ত গণমাধ্যম, মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপরও একটি গুরুতর আঘাত।

তাদের ভাষ্য, সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন করে পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি এবং স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করাই এ ধরনের হামলার উদ্দেশ্য হতে পারে।

বিএমএসএফ অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।