ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের তেমুহনী বাজারে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের তেমুহনী বাজার এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং টেকসই ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
রোববার (১৯ জুলাই) সকাল ১১টার দিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনী বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত
পাঁচগাছিয়া বাজারের ব্যবসায়ী ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং ফেনী জেলা যুবদলের সদস্য ও ব্যবসায়ী মওদুদ আহমেদ রনির সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু, ইউনিয়ন জামায়াতের আমির জাহাঙ্গীর আলম, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া, তামিরুল উম্মাহ মাদ্রাসার প্রধান মাওলানা আবদুল হান্নান, ওয়ার্ড জামায়াতের আমির নুরুল আমিন মিয়াসাব, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাইন উদ্দিন বেলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গিয়াস উদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য শামসুদ্দিন লাবলু এবং জামাল একাডেমির প্রধান শিক্ষিকা তাহুরা শামিম।
আরও পড়ুন: কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে ডিসি, নিরাপত্তা ও বন্দিসেবার মানোন্নয়নে একাধিক নির্দেশনা
বক্তারা অভিযোগ করেন, ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক নির্মাণের সময় রাস্তার পাশের পুরোনো ড্রেন ভরাট হয়ে যায়। এরপর থেকে তেমুহনী বাজারে কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে না ওঠায় সামান্য বৃষ্টিতেই বাজারে হাঁটুপানি জমে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে।
তাদের দাবি, জলাবদ্ধতার কারণে বাজারে চলাচল ব্যাহত হচ্ছে। আশপাশের স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নোংরা পানি মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে, যা স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করছে। একই সঙ্গে বাজারে পানি জমে থাকায় ক্রেতা সমাগম কমে যাওয়ায় ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
বক্তারা আরও বলেন, এ সমস্যা সমাধানে ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
ফেনী জেলা যুবদলের সদস্য ও ব্যবসায়ী মওদুদ আহমেদ রনি বলেন, তেমুহনী একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। কিন্তু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই বাজারে পানি জমে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং জনজীবন দুর্বিষহ হয়ে ওঠে। দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানান তিনি।
ইউনিয়ন জামায়াতের আমির ও ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন ধরে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা মানববন্ধনের মাধ্যমে দাবি জানাতে বাধ্য হয়েছেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা এবং টেকসই ড্রেন নির্মাণের দাবি জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়নে বিলম্ব হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।





