অনৈতিক প্রস্তাবের অভিযোগ
নারী চিকিৎসকের অভিযোগে বরগুনা হাসপাতালের তত্ত্বাবধায়ক বরখাস্ত
বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলমের বিরুদ্ধে এক নারী চিকিৎসককে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে বিভাগীয় মামলা দায়ের এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে সাময়িক বরখাস্তের বিষয়টি প্রকাশ্যে আসে। এর আগে বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি
প্রজ্ঞাপনে বলা হয়, গত জুন মাসে এক নারী চিকিৎসক বরগুনা জেনারেল হাসপাতালে যোগদান করেন। অভিযোগ অনুযায়ী, যোগদানের পর থেকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম বিভিন্ন সময় অকারণে তাকে নিজের কক্ষে ডাকতেন এবং অনৈতিক প্রস্তাব দেওয়ার পাশাপাশি অশালীন ইঙ্গিত করতেন।
এ ঘটনায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করা হয়েছে। অভিযোগের গুরুত্ব এবং তদন্তে প্রভাব বিস্তারের আশঙ্কা বিবেচনায় তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬
ভুক্তভোগী নারী চিকিৎসক বলেন, স্বাস্থ্য বিভাগ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। তিনি বলেন, “এটি সমাজের জন্য একটি বার্তা। আমাদের সবার আচরণ আরও সচেতন হওয়া উচিত। কর্মকর্তা ঊর্ধ্বতন কিংবা অধস্তন—যেই হোন না কেন, সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। বিভাগীয় কার্যক্রম নিয়ম অনুযায়ী চলবে, এটি কারও ব্যক্তিগত নিয়ন্ত্রণে নেই।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, “আমি এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।”
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে পরবর্তী প্রশাসনিক কার্যক্রম চলবে।





