ফেনী জেনারেল হাসপাতালের ইএনটি চিকিৎসকের বিরুদ্ধে টেস্ট বাণিজ্যের অভিযোগ

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ৫:৩৬ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. আসিফ উদ্দিনের বিরুদ্ধে রোগীদের অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানো, নির্দিষ্ট বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের প্রতি উৎসাহিত করা এবং রোগীদের ব্যক্তিগত চেম্বারে যেতে উদ্বুদ্ধ করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে এক রোগীর অভিভাবক হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক রোগীকেই প্রয়োজন বা অপ্রয়োজন নির্বিশেষে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা লিখে দেওয়া হয়। একই সঙ্গে প্রেসক্রিপশনের সঙ্গে নির্দিষ্ট বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার বা ব্যক্তিগত চেম্বারের ভিজিটিং কার্ড সংযুক্ত করে সেখানে পরীক্ষা করাতে এবং পরবর্তী চিকিৎসার জন্য ব্যক্তিগত চেম্বারে যেতে বলা হয়। এতে রোগীরা অতিরিক্ত আর্থিক চাপ ও ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: বৃষ্টি ও তীব্র স্রোতে ভেঙে গেছে বাঁশের সাঁকো, টিনের তৈরি ছোট নৌকায় পারাপার

অভিযোগে আরও বলা হয়, অপারেশন প্রয়োজন এমন রোগীদের ক্ষেত্রে সরকারি হাসপাতালের পরিবর্তে বেসরকারি হাসপাতালে দ্রুত অপারেশনের পরামর্শ দেওয়া হয়। এছাড়া ফরেন বডি অপসারণ, কানের বিভিন্ন পরীক্ষা এবং অন্যান্য চিকিৎসাসেবার ক্ষেত্রেও নির্দিষ্ট প্রতিষ্ঠানে যেতে রোগীদের উৎসাহিত করার অভিযোগ আনা হয়েছে।


আরও পড়ুন: নরসিংদীতে দেড় হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

লিখিত অভিযোগে কয়েকজন রোগীর উদাহরণও তুলে ধরা হয়েছে। অভিযোগকারীর দাবি, বিভিন্ন সময়ে এসব রোগীকে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা কিংবা বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, এক রোগীর রিপোর্ট না দেখা এবং অশোভন আচরণের অভিযোগও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমা পড়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণের জন্য শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

এ বিষয়ে ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এএসএম সোহরাব আল হোসাইন বলেন, "এ বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হবে।"

ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) বলেন, "লিখিত অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. মো. আসিফ উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি অপারেশনযোগ্য রোগীদের সরকারি হাসপাতালের ওটিতে পাঠাই। যেসব রোগীর অপারেশন এখানে সম্ভব নয়, তাদের চট্টগ্রামে রেফার করা হয়। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।"