সীমান্তে বিজিবির অভিযান, ২৮ ভারতীয় গরুসহ নৌকা আটক

Sadek Ali
মো. শফিকুল ইসলাম শফিক, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১:৪১ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ১:৪৪ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকাগুলোতে কোনোভাবেই থামছে না চোরাচালান। বিশেষ করে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা সীমান্ত এখন চোরাচালানিদের অন্যতম ‘নিরাপদ রুট’ ও শীর্ষ স্পট হিসেবে গড়ে উঠেছে।

এরই ধারাবাহিকতায় বুধবার রাত দেড়টার দিকে বিজিবি নিয়মিত টহল পরিচালনার সময় গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায়। সীমান্ত মেইন পিলার ১১৯০/১০ এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের ভেতরে বাকাতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: নরসিংদীতে পুলিশের জালে শীর্ষ সন্ত্রাসী

অভিযানকালে একটি ভারত থেকে আসা স্টিল বডির নৌকাসহ মাঝারি সাইজের ২৮টি ভারতীয় গরু জব্দ করে বিজিবি। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। উদ্ধার করা গরু ও নৌকার আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ ৩০ হাজার টাকা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা সীমান্ত পয়েন্ট ব্যবহার করে কয়েকটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে ভারতীয় গরু, মাদক ও প্রসাধন সামগ্রীসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য দেশে আনছে। বাকাতলাসহ আশপাশের এলাকাগুলোতে দিন দিন চোরাকারবারিদের দৌরাত্ম্য বাড়লেও কার্যকর কোনো স্থায়ী প্রতিরোধ গড়ে ওঠেনি।

আরও পড়ুন: পটুয়াখালীতে হেরোইনসহ দুই নারী আটক

এ বিষয়ে বিজিবি সেক্টর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। আটক করা গরু ও নৌকার বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।