প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে "ফার্স্ট এইড বক্স" উপহার পেলেন সিএনজি চালানো ছাত্রদল নেতা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২৬ | আপডেট: ৭:৫৮ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নার্সিং পেশাজীবী ও শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ক্রীড়ামোদ সৃষ্টির লক্ষ্যে আয়োজিত ‘নার্সেস ক্রিকেট প্রিমিয়ার লীগ, সিজন-২, ২০২৬’-এর বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফাইনাল আজ ২৪ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে।

মাঠের এই চূড়ান্ত লড়াইয়ে শিরোপার উদ্দেশ্যে মুখোমুখি হয়েছে শক্তিশালী আল-মানার নার্সিং কলেজ এবং নরসিংদী মডার্ন নার্সিং কলেজ। আজ বিকেল ৪টা ০০ মিনিটে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে এই মেগা ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী

তরুণ নার্সদের এই বর্ণাঢ্য ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।

এদিকে টুর্নামেন্টের ফাইনালকে কেন্দ্র করে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল এক বিশেষ শুভেচ্ছা ও রাজনৈতিক বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, “এক ছাত্রলীগ আরেক ছাত্রলীগকে ধাওয়া দেওয়ার নাটক করে শিবির। শিবিরের উচিত ছিল ছাত্রলীগের সঙ্গে কোলাকুলি করা। মেলায় হারিয়ে যাওয়া ভাইয়ের মতো।”

আরও পড়ুন: ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

দেশের সমসাময়িক ছাত্ররাজনীতির তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, “শিবিরের সভাপতি এখন আকাশে উড়তেছে। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে আমাদের সভাপতি গিয়েছেন। কিন্তু শিবিরের সভাপতি এখন হেলিকপ্টার ছাড়া যাতায়াত করতে পারেন না।”

একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের আত্মনির্ভরশীলতা ও মানবিক সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়। জীবিকার তাগিদে সিএনজি চালানো সরকারি বাংলা কলেজ ছাত্রদল সদস্য আজিজুর শেখকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার হিসেবে তুলে দেন কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য সচিব ডা. রাতুল, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মো. মহিউদ্দিন মাহি, ন্যাবের যুগ্ম সম্পাদক সাব্বির মাহমুদ তিহান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি মো. সাব্বির শরিফ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মো. শাহ পরান, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. মিরাজ হোসেন, মো. সোহান, রিপন পাশা, লাভলু, মো. সাগর আহমেদ নিয়াজ, রুবেল আহমেদ, সাগর হালদার, সোহাগ ইসলাম, আসলাম মৃধা, মাহাদি হাসানসহ নেতৃবৃন্দ।