৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি
চাঁদা দাবির পর চট্টগ্রাম নগরীর হামজারবাগে এক ব্যবসায়ীর বাড়িতে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, বাড়িটি কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুর রহমান আজিজের শ্বশুরবাড়ি। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একাধিক দল।
সোমবার রাত ১১টার দিকে নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় হাজী মোহাম্মদ ইউসুফের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি প্রকাশ্যে আসে মঙ্গলবার দুপুরে।
আরও পড়ুন: কুলাউড়ায় তরুণদের উদ্যোক্তা তৈরিতে ব্র্যাকের প্রকল্পের সমাপনী
জানা যায়, ভুক্তভোগী মোহাম্মদ ইউসুফের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। তার বড় ছেলে মোহাম্মদ শওকত দুবাইপ্রবাসী। প্রায় ২৫ বছর ধরে তারা নগরীর হামজারবাগে নিজেদের বাড়িতে বসবাস করছেন। মোহাম্মদ ইউসুফ কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের শ্বশুর। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দুই দিন পর গ্রেপ্তার হয়ে আজিজ বর্তমানে কারাগারে আছেন।
মোহাম্মদ ইউসুফ বলেন, তার ছেলে শওকত দুবাই থাকেন। তিনিও ৪০ বছর বিদেশে ছিলেন। কয়েক মাস আগে তার ছেলে দুবাই থেকে দেশে আসেন। সোমবার দুপুরে শওকতের হোয়াটসঅ্যাপে ভয়েস কল দিয়ে এক ব্যক্তি নিজেকে কাতার থেকে ফোন করার কথা জানান। ওই ব্যক্তি বলেন, তাদের অনেক টাকা ও ব্যবসা-বাণিজ্য রয়েছে। ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে এবং একজনকে পাঠিয়ে তার হাতে টাকা দিতে হবে। টাকা না দিলে সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।
আরও পড়ুন: হবিগঞ্জে শাশুড়িকে হত্যার দায়ে জামাইয়ের যাবজ্জীবন
ইউসুফ বলেন, তার ছেলে বিষয়টি জানালে তিনি কোনো উত্তর না দিয়ে ওই নম্বর ব্লক করে দিতে বলেন। পরে অপর প্রান্ত থেকে ভয়েসটি মুছে দেওয়া হয়। এরপর রাত ১১টার দিকে তাদের বাড়িতে গুলি করা হয়। দুটি গুলি বাড়ির গেটে লাগে। এতে এলাকায় ও পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, গুলি করার সময় বিকট শব্দ হয়। ভয়ে সবাই অনেকক্ষণ ঘরের ভেতরে অবস্থান করেন। পরে নিচে নামলে এলাকাবাসীও সেখানে আসেন। গুলি করার সময় বাড়ির গার্ডকে গুলি করার ভয় দেখানো হয়। এতে তিনি গেট বন্ধ করে দ্রুত ভেতরে চলে যান। ফলে গুলি করা ব্যক্তিদের চেহারা দেখতে পারেননি তিনি।
মোহাম্মদ ইউসুফ জানান, এ ঘটনায় এখনো তিনি কোনো মামলা করেননি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, রাতে হামজারবাগ এলাকায় লোডশেডিং থাকার সুযোগে একটি বাড়ি লক্ষ্য করে কে বা কারা দুই রাউন্ড গুলি করেছে। বাড়িটি স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজের শ্বশুরবাড়ি এবং এলাকার লোকজন এটিকে ব্যবসায়ী শওকতের বাসা হিসেবে চেনে।
ওসি বলেন, আতঙ্ক সৃষ্টির জন্য এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারা গুলি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, দুই রাউন্ড ফাঁকা গুলি করা হয়েছে। আতঙ্ক সৃষ্টি করতেই গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চাঁদা দাবির ভয়েস রেকর্ডসহ সব বিষয় তদন্ত করা হচ্ছে।





