হবিগঞ্জে নতুন গ্যালারি নির্মাণের আশ্বাস, প্রথম ধাপে স্পোর্টস ভিলেজ হচ্ছে: প্রতিমন্ত্রী আমিনুল হক

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬ | আপডেট: ৯:০৬ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জে জেলা স্টেডিয়ামের নতুন গ্যালারি, ড্রেসিং রুমসহ অবকাঠামো উন্নয়নে দ্রুত কাজ শুরু হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। একই সঙ্গে প্রথম ধাপে দেশের ১০টি জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। এর মধ্যে হবিগঞ্জে স্পোর্টস ভিলেজ নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

আজ শনিবার বিকেলে হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমিনুল হক।

আরও পড়ুন: চিকিৎসকদের ওপর হামলা পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত: ডা. রফিকূল ইসলাম

আমিনুল হক বলেন, হবিগঞ্জ জেলা স্টেডিয়ামের এক পাশে গ্যালারি না থাকায় দর্শকদের দুর্ভোগ হচ্ছে। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি বিবেচনায় নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে ওই পাশে নতুন গ্যালারি নির্মাণ করা হবে। পাশাপাশি ড্রেসিং রুম, প্রেস বক্সসহ প্রয়োজনীয় অবকাঠামো সংস্কারেও উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘হবিগঞ্জের আজকের উপচে পড়া দর্শক বিবেচনা করে সবার আগে অগ্রাধিকার দিয়ে এই পাশের গ্যালারিটি নির্মাণ করব। যাতে দর্শকদের মাঠে দাঁড়িয়ে খেলা দেখতে না হয়, গ্যালারিতে বসে পরিপূর্ণভাবে খেলা উপভোগ করতে পারেন।’

আরও পড়ুন: গাবতলীতে মাদক ব্যবসায়ী মিনার গ্রেফতার

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সারা দেশের জেলা স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। হবিগঞ্জের উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নে জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

ক্রীড়াক্ষেত্রে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার উদ্যোগ তুলে ধরে আমিনুল হক বলেন, তরুণ ও কিশোর-কিশোরীদের শারীরিকভাবে সুস্থ এবং মানসিকভাবে বিকশিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। এর অংশ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসর শেষ হয়েছে এবং দ্বিতীয় আসরের অনলাইন নিবন্ধন চলছে।

তিনি বলেন, ১০ থেকে ১৪ বছর বয়সী যেসব কিশোর-কিশোরী এখনো নিবন্ধন করেনি, তাদের দ্রুত অনলাইনে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হচ্ছে। আগামী আসরে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন থেকে দল গঠন করা হবে।

আমিনুল হক আরও বলেন, দেশের প্রতিটি জেলায় আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা সম্বলিত একটি করে স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে দ্রুত ১০টি জেলায় এ ধরনের স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে হবিগঞ্জে স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

হবিগঞ্জ ও সিলেটের মানুষের ক্রীড়াপ্রেমের প্রশংসা করে তিনি বলেন, আজকের ফাইনালে দর্শকদের উপচে পড়া ভিড় তাঁকে ২০০৩ সালের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের কথা মনে করিয়ে দিয়েছে। ওই সময় ঢাকার স্টেডিয়ামেও এমন কানায় কানায় পূর্ণ গ্যালারির সামনে খেলার অভিজ্ঞতার কথা স্মরণ করেন তিনি।

তিনি বলেন, হবিগঞ্জ ও সিলেটের মানুষ অত্যন্ত ক্রীড়াপ্রেমী। খেলাধুলার মাধ্যমে সমাজ পরিবর্তনে সিলেট বিভাগসহ বাংলাদেশে হবিগঞ্জ একটি মডেল হয়ে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বানিয়াচং ফুটবল একাদশ ১-০ গোলে সিলেটের নুনু ফুটবল একাডেমি তাজপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ আলহাজ মো. জি কে গউছ এমপি, এমপি ডা. সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, পুলিশ সুপার মো. তারেক মাহমুদসহ ক্রীড়া সংগঠক ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।