কুলাউড়ায় মোবাইল কোর্টে বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ এমপির

Sanchoy Biswas
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬ | আপডেট: ১১:৫৩ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া শহরকে যানজট, অবৈধ পার্কিং ও নানা অনিয়মমুক্ত করে সুন্দর শহর গড়তে প্রশাসনের চলমান অভিযানে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত না করার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম। এমনকি অভিযানে দলের কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি বলেন, গত সপ্তাহে কুলাউড়া শহরে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনার পর যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তিনি তার তীব্র নিন্দা জানান।

আরও পড়ুন: আশুলিয়ায় সরকারি পুকুরের মাটি রাতে ট্রাকে নেওয়া নিয়ে প্রশ্ন

তিনি বলেন, প্রশাসনের অভিযান জনস্বার্থে পরিচালিত হয়। অভিযান চলাকালে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এমনকি দলের কোনো ব্যক্তি এ ধরনের বিশৃঙ্খলার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। কুলাউড়া শহরকে সুন্দর ও যানজটমুক্ত করার স্বার্থে প্রশাসনের অভিযান অব্যাহত রাখার পরামর্শ দিয়ে এমপি আরও বলেন, প্রয়োজন হলে মৌলভীবাজার থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স এনে অভিযান পরিচালনা করতে হবে।

সভায় বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, কুলাউড়া থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রেদওয়ান খান, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, উপজেলা জামায়াতে আমির মো. আব্দুল মুন্তাজিম, জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মো. নেজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও প্রভাষক তাহমিনা আক্তার।

আরও পড়ুন: কুলাউড়ায় পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন

সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাশ, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম শাহজালাল, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আহসান উদ্দিন, কমরেড আব্দুল লতিফ, নির্মাল্য মিত্র সুমনসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।