তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরীর উদ্যোগ

নান্দাইলে হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই ‘স্বপ্নবাড়ি’

Sanchoy Biswas
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬ | আপডেট: ৭:৩৯ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী এমপির উদ্যোগে ও তাঁর মানবিক দূরদর্শিতায় ময়মনসিংহের নান্দাইলের হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবার পেয়েছে মাথা গোঁজার ঠাঁই ‘স্বপ্নবাড়ি’। নবনির্মিত আধাপাকা, মনোরম, পরিবেশবান্ধব এসব ‘স্বপ্নবাড়ি’ পেয়ে হতদরিদ্র গৃহহীন পরিবারের মাঝে আনন্দের বন্যা বইতে দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরীর পরিকল্পনায় গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচি (টিআর) প্রকল্পের আওতায় নান্দাইলের বিভিন্ন গ্রামের হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবারের জন্য আধাপাকা, মনোরম, পরিবেশবান্ধব ‘স্বপ্নবাড়ি’ নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুন: গাকৃবিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ

শুক্রবার উপজেলার মোয়াজ্জেমপুর ও সৈয়দগাঁও গ্রামের ৫টি হতদরিদ্র গৃহহীন পরিবারের মাঝে ‘স্বপ্নবাড়ি’র চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী এমপি। উল্লেখিত ‘স্বপ্নবাড়ি’ উদ্বোধনের মাধ্যমে পর্যায়ক্রমে নির্মিত ৩৬টি ‘স্বপ্নবাড়ি’র চাবি হস্তান্তর করবেন।

আরও জানা গেছে, চলতি বছরের মধ্যেই পর্যায়ক্রমে আরও ৯৮টি ‘স্বপ্নবাড়ি’ অসহায় গৃহহীন পরিবারের জন্য নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী এমপির।

আরও পড়ুন: রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: পুলিশ কমিশনার

নতুন ঘর পাওয়া বিধবা হামিদা খাতুন আবেগাপ্লুত হয়ে বলেন, ‘এতদিন সন্তানদের নিয়ে ভাঙা ঘরে থেকেছি। কোনোদিন ভাবিনি এ ধরনের একটি সুন্দর পাকা ঘরে থাকতে পারব। আজ আমাদের সন্তান মন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরীর চেষ্টায় নতুন ঘরের স্বপ্ন পূরণ হয়েছে। আল্লাহ আমাদের নয়নের মণি মন্ত্রীকে আমার মতো হতদরিদ্র গৃহহীন পরিবারের পাশে যাতে সারা জীবন থাকতে পারেন, সে ক্ষমতা দিন।’

অপর ‘স্বপ্নবাড়ি’ পাওয়া সবজি বিক্রেতা সবুজ মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমি আমার স্বপ্নের ঠিকানা পেয়েছি। আজ থেকে আর পরিবার-পরিজন নিয়ে ঝড়-বৃষ্টিতে ভাঙা ঘরে ভিজতে হবে না। আমরা আজ আমাদের মন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ। সব সময় দোয়া করি, আমাদের মন্ত্রী সাহেব আমার মতো অসহায় গৃহহীনদের সাহায্যে এভাবেই যেন সব সময় এগিয়ে আসতে পারেন।’

এ বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন বলেন, ‘হতদরিদ্র গৃহহীনদের জন্য আমাদের মন্ত্রী মহোদয়ের মানবিক উদ্যোগে ‘স্বপ্নবাড়ি’ নির্মাণ নান্দাইলের জনগণের কাছে খুবই প্রশংসনীয় হয়ে উঠেছে। আমরা চাই, এভাবে ভবিষ্যতে আরও এ ধরনের মানবিক কাজ আমাদের নেতা অব্যাহত রাখবেন।’

‘স্বপ্নবাড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহিদ উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, জিয়াউল হক রাজু, কামরুজ্জামান রাসেলসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।