আশুলিয়ার কবিরপুর পুলিশ ফায়ারিং রেঞ্জ পরিদর্শনে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সিনিয়র ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর মি. স্টু ও মি. লেন্সের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল সাভারের আশুলিয়ার কবিরপুর পুলিশ ফায়ারিং রেঞ্জ পরিদর্শন করেছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে প্রতিনিধি দলটি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন কবিরপুর পুলিশ ফায়ারিং রেঞ্জে পৌঁছায়। প্রতিনিধি দলে মার্কিন নাগরিক মি. স্টু ও মি. লেন্স ছাড়াও বাংলাদেশি নাগরিক মি. তুরান ও মি. মেহেদী ছিলেন।
আরও পড়ুন: রংপুরে একই পরিবারের চার খুন: সিদ্ধার্থ-মুগ্ধর ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি
পরিদর্শনকালে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইশান, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলামসহ সাভার ও আশুলিয়া থানা পুলিশের পৃথক দুটি টহল দল সেখানে উপস্থিত ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৭ সালে দুই একর জায়গার ওপর ইউএসএআইডির অর্থায়নে কবিরপুর পুলিশ ফায়ারিং রেঞ্জটি নির্মাণ করা হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনায় ফায়ারিং রেঞ্জটি ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা ফায়ারিং রেঞ্জের বৈদ্যুতিক ট্রান্সফরমার, এসি, জেনারেটরসহ বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যায়।
আরও পড়ুন: গাবতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন-মামলার প্রস্তুতি
এরপর থেকে ফায়ারিং রেঞ্জটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ ফায়ারিং প্রশিক্ষণের জন্য রেঞ্জটি পুনরায় ব্যবহার উপযোগী করতে প্রয়োজনীয় মেরামত করা সম্ভব কি না এবং এ জন্য কী ধরনের অর্থায়ন প্রয়োজন হতে পারে, তা যাচাই করতেই প্রতিনিধি দলটি পরিদর্শনে এসেছে বলে জানা গেছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, তারা ক্ষতিগ্রস্ত ফায়ারিং রেঞ্জটি ঘুরে দেখেছেন। এটি কীভাবে পুনরায় চালু করা যায় এবং কী ধরনের ফান্ডিং প্রয়োজন হতে পারে, সে বিষয়ে একটি অ্যাসেসমেন্টের জন্য তারা এসেছিলেন।





