চালকসহ গ্রেপ্তার ৩
চাইনিজ ব্যবসায়ীর কোটি টাকা চুরি
গাজীপুরের একটি কারখানার চাইনিজ মালিকের এক কোটি টাকা চুরির ঘটনায় মূল অভিযুক্ত ব্যক্তিগত গাড়িচালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর শিল্প পুলিশ। এ সময় চুরি যাওয়া ৯৭ লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চুরির টাকায় কেনা আসবাবপত্র ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর শিল্প পুলিশ-২-এর সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।
আরও পড়ুন: নাজিরপুরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চিতলমারী একাদশ
গ্রেপ্তাররা হলেন—চুরির মূল অভিযুক্ত ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার কুলবাড়িয়া গ্রামের মো. জাহিদ হাসান (৩০), তার স্ত্রী রংপুরের তারাগঞ্জ থানার পলাশবাড়ি এলাকার মোছা. নাসিমা আক্তার (২৪) এবং জাহিদের মামা ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চননগর এলাকার মো. আক্তারুজ্জামান (৫১)।
পুলিশ সুপার জানান, গত ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে ‘ল্যাভেন্ডার ফ্যাশন’-এর চেয়ারম্যান চীনা নাগরিক শুইলি গাজীপুর মহানগরের রাজেন্দ্রপুরের কারখানা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাবের সামনে যাত্রাবিরতি করেন। এ সময় গাড়িতে শ্রমিকদের বেতন ও কারখানার অন্যান্য খরচের জন্য রাখা এক কোটি টাকা নিয়ে গাড়িচালক জাহিদ হাসান পালিয়ে যান। পরে মালিকের মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে আত্মগোপনে চলে যান তিনি।
আরও পড়ুন: যুব ও ক্রীড়া সচিবের উপস্থিতিতে ‘শান্তির জন্য মার্শাল আর্টস’ সেমিনার
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হলে কারখানাটি গাজীপুর শিল্প পুলিশ-২-এর আওতাধীন হওয়ায় পুলিশ ছায়া তদন্ত শুরু করে। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শুক্রবার রাতে ঝিনাইদহ ডিবি পুলিশের সহায়তায় ঝিনাইদহ সদর থেকে জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়। তার বাসা থেকে উদ্ধার করা হয় ৮৬ লাখ টাকা।
পরে জাহিদের মামা আক্তারুজ্জামানকে ঝিনাইদহ থেকে ১ লাখ ৩ হাজার টাকা এবং শনিবার ভোরে জাহিদের স্ত্রী নাসিমা আক্তারকে টঙ্গীর বাসা থেকে ১০ লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে জানা যায়, চুরি করা টাকা থেকে জাহিদ ১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে নতুন বাসা ভাড়া নেন। এছাড়া বাসার জন্য আসবাবপত্র এবং ৩৩ হাজার টাকা দিয়ে একটি নতুন মোবাইল ফোন কেনেন। এসব আসবাবপত্র ও মোবাইল ফোনও জব্দ করেছে পুলিশ।
উদ্ধার করা টাকা ও জব্দ মালামালসহ গ্রেপ্তার তিনজনকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।





