১৫ ঘণ্টা পর বিএসএফের কাছ থেকে দেশে ফিরলেন দুই পুলিশ সদস্য
- ব্রাহ্মণপাড়া সীমান্তে আটকের পর পতাকা বৈঠকে হস্তান্তর, উদ্ধার অভিযানে সীমান্ত অতিক্রমের ঘটনা
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হওয়া পুলিশের দুই সদস্যকে প্রায় ১৫ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটে তাঁদের হস্তান্তর করে ভারতীয় প্রশাসন।
ফেরত আসা দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সুনামগঞ্জের ৪২ মণ্ডপে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন স্থানে মাদক উদ্ধারে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় থাকা পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করে।
তাকে ধাওয়া করতে গিয়ে কনস্টেবল রোহিত দেওয়ান অজান্তে সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন। পরে ভারতীয় স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করেন। খবর পেয়ে সহকর্মীকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরান হোসেনও আটক হন।
আরও পড়ুন: সাংবাদিক আলিফকে সামনে থেকে গুলি, ৬টি গুলির ৫টিই ভেদ করে যায়
দুই পুলিশ সদস্য আটকের খবর পাওয়ার পর তাঁদের দেশে ফিরিয়ে আনতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্মকর্তারা বৃহস্পতিবার রাত থেকেই ভারতের সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ শুরু করেন। দীর্ঘ আলোচনার পর শুক্রবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বৃহস্পতিবার রাত থেকে আলোচনা চলছিল। অবশেষে শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে এএসআই ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ানকে বাংলাদেশের প্রতিনিধিদলের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশের পক্ষে পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুই পুলিশ সদস্যের দেশে ফেরার মধ্য দিয়ে সীমান্তে তাঁদের আটকের ঘটনার অবসান হয়েছে।





