সাংবাদিক আলিফকে সামনে থেকে গুলি, ৬টি গুলির ৫টিই ভেদ করে যায়
নেত্রকোণার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফের শরীরে ছয়টি গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে পাঁচটি গুলি শরীর ভেদ করে বেরিয়ে গেলেও একটি পিঠের ভেতরে আটকে ছিল। ময়নাতদন্তের সময় ওই গুলিটি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে ময়নাতদন্ত শেষে সংশ্লিষ্ট চিকিৎসক শ্রদ্ধ্যানন্দ নাথ এসব তথ্য জানান।
আরও পড়ুন: সুনামগঞ্জের ৪২ মণ্ডপে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
চিকিৎসক জানান, সাংবাদিক আলিফের বুকের অংশে তিনটি গুলির আঘাত রয়েছে। এর মধ্যে দুটি গুলি শরীর ভেদ করে বেরিয়ে যায়। অন্য একটি গুলি পিঠের ভেতরে আটকে ছিল। এ ছাড়া তাঁর মাথা ও কাঁধের বিভিন্ন অংশে গুলির আঘাত পাওয়া গেছে।
মাথায় আঘাতের বিষয়ে তিনি জানান, একটি গুলি কপালের ডান পাশ দিয়ে ঢুকে মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে যায়। অন্য একটি গুলি মাথার ওপরের অংশের চামড়া এবং আরেকটি গুলি ডান কাঁধের পাশের চামড়া ভেদ করে চলে যায়।
আরও পড়ুন: উলিপুরে সরকারি জায়গায় জেনারেটর আবার চালু, জনভোগান্তি চরমে
শরীরে গুলির প্রবেশ ও বের হওয়ার চিহ্ন পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাংবাদিক আলিফকে সামনের দিক থেকে গুলি করা হয়েছিল বলে জানান চিকিৎসক শ্রদ্ধ্যানন্দ নাথ।
এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে একটি দোকানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ।
তাঁর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।





