সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন

Shahrier Islam Pallab
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:৫৩ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি আইপিটিভি ‘রূপসী বাংলা’র জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টায় পূর্বধলা উপজেলা পরিষদের সামনে ‘পূর্বধলায় কর্মরত সাংবাদিকবৃন্দ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২ হাজার ৩শ নারীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার

মানববন্ধনে বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এ ধরনের হত্যাকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর বড় আঘাত। তাঁরা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন লেখক ও কলামিস্ট জাকির আহম্মেদ কামাল, দৈনিক ইকরার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শফিকুজ্জামান, পূর্বধলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাটি ও মানুষের জেলা প্রতিনিধি মো. নুরুল ইসলাম, দৈনিক সংলাপের জেলা প্রতিনিধি নুর উদ্দীন মন্ডল, দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাবাজার পত্রিকার প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি খায়রুল ইসলাম, একুশে নিউজের প্রতিনিধি সাইদুর রহমান এবং দৈনিক জবাবদিহির প্রতিনিধি সাগর আহমেদ জজ।

আরও পড়ুন: শরীয়তপুরে ৪০ কোটি টাকার নার্সিং কলেজে ১৫৮ শিক্ষার্থীর ভরসা একজন শিক্ষক

এ ছাড়া জনকথার ব্যুরোপ্রধান হারাধন সূত্রধর, তালাশ বিডিনিউজের জেলা প্রতিনিধি উজ্জ্বল, আজকের জনকথার জেলা প্রতিনিধি আকরাম হোসেন রতনসহ সাংবাদিক শাহজাহান, মজিবুর রহমান, মনু মিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মানববন্ধনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধন শেষে বক্তারা বলেন, সাংবাদিক আলিফ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।