সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ, বাতিল ১৬৫ ফ্লাইট
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে চলাচলে বিধিনিষেধের কারণে বাংলাদেশগামী ও বাংলাদেশ থেকে সৌদিগামী মোট ১৬৫টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৮৮টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি। এসব ফ্লাইটের কারণে ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ৯১৭ জন যাত্রী। প্রাপ্ত তথ্যানুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪১টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২১টি এবং রিয়াদ এয়ারলাইনসের ১৬টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ১৬৫টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে ২২ হাজার ৯১৭ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।





