সোনারগাঁর বারদী লোকনাথ আশ্রমে ভক্তদের উপচেপড়া ভিড়
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহ্যবাহী বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান রাখের উপবাস পূজা উপলক্ষে ভক্তদের উপচেপড়া ভিড় দেখা গেছে। শনিবার (৭ নভেম্বর) কার্তিক মাসের শেষ পনেরো দিনের এই বিশেষ দিনে দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত আশ্রমে সমবেত হন।
ধর্মীয় রীতি অনুযায়ী, কার্তিক মাসের শেষ পনেরো দিনের প্রতি শনিবার সারাদিন কঠোর উপবাস পালন করে সূর্যাস্তের সময় ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে নিজেদের প্রিয়জন ও পরিবারের মঙ্গল প্রার্থনা করেন ভক্তরা। জনশ্রুতি রয়েছে, অতীতে কলেরা ও বসন্তের মতো মহামারি রোগ থেকে রক্ষা পেতে বাবা লোকনাথ ব্রহ্মচারী নিজেই ভক্তদের কার্তিক মাসে এই উপবাস পালন ও প্রদীপ জ্বালানোর নির্দেশ দিয়েছিলেন।আশ্রম সূত্রে জানা যায়, রাখের উপবাস উপলক্ষে দিনভর উপবাস ব্রত পালন করেন ভক্তরা।
আরও পড়ুন: ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়: ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন
এরপর বিকেলে তারা লোকনাথ আশ্রম ও মন্দিরে এসে পৌঁছান। সেখানে কলাপাতায় ঘিয়ের প্রদীপ সাজিয়ে সারি বেঁধে বসেন ভক্তরা। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শঙ্খধ্বনি, ঘণ্টা ও উলুধ্বনির মাধ্যমে একসঙ্গে হাজার হাজার প্রদীপ প্রজ্বালন করা হয়। প্রদীপ প্রজ্বালন শেষে সমবেত প্রার্থনা সম্পন্ন করে প্রসাদ গ্রহণের মাধ্যমে উপবাস ভাঙেন ভক্তবৃন্দ। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এ ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে আশ্রম কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছিল।





