পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন দীঘির

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৯ পূর্বাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকাই শোবিজে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা নতুন কিছু নয়। বিশেষ করে জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের সম্পর্কের সমীকরণ নিয়ে প্রায়ই তৈরি হয় নানা গুঞ্জন। এবার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘীকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন ‘বরবাদ’ সিনেমাখ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। গুঞ্জন উঠেছে, এই পরিচালকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। তবে বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করে নিজের অবস্থান জানিয়েছেন দীঘি।

অভিনেত্রীর সঙ্গে এর আগেও একাধিক পুরুষের নাম জড়িয়ে নানা আলোচনা হয়েছে। তবে এসব গুঞ্জন নিয়ে খুব একটা মাথা ঘামান না বলে জানিয়েছেন তিনি। বরং শোবিজ অঙ্গনের একজন শিল্পীকে ঘিরে এমন আলোচনা থাকাকে স্বাভাবিকভাবেই দেখেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: শনিবার ঢাকায় কোথায় কী আয়োজন?

সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংবাদকর্মীদের প্রশ্নের মুখে পড়েন দীঘি। এ সময় ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানিও না কে ছড়ায়, আমি জানিও না কী গুঞ্জন হয়। আমি এসবের খুব বাইরে। গুঞ্জন হবে, এটা খুব স্বাভাবিক। আমাকে নিয়ে গুঞ্জন হয়েও থাকলে, যতক্ষণ পর্যন্ত আমি নিজের মুখে কিছু বলছি না, ততক্ষণ সেটা গুঞ্জনই।’

গুঞ্জন নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে দীঘি আরও বলেন, ‘আমার মনে হয়, একজন মিডিয়া পারসন হিসেবে, একজন আর্টিস্ট হিসেবে গুঞ্জন থাকবে। এটাকে হালকাভাবে, খুব স্বাভাবিকভাবে নিতে হবে। এটা নিয়ে বেশি কথা বলার কিছু নেই।’

আরও পড়ুন: মেয়ে সুহানার স্মৃতিশক্তি দেখে অবাক শাহরুখ খান

এদিকে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বিদায়’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন দীঘি। সিনেমাটিতে তার সঙ্গে আরও রয়েছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু ও মুকিত জাকারিয়াসহ একাধিক পরিচিত মুখ।

সিনেমাটিতে একসঙ্গে কাজ করার সুবাদেই পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে দীঘির নাম জড়িয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া প্রেমের গুঞ্জনের বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত বক্তব্য দেননি সংশ্লিষ্ট কেউ।