ছয় গ্রাম পুনর্বহালের দাবি

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:৫৯ পূর্বাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার প্রস্তাবের প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (৮ নভেম্বর) সকাল থেকে কাফনের কাপড় মাথায় বেঁধে তারা বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর সড়ক অবরোধ করে অবস্থান নেন বিক্ষোভকারীরা। অবরোধের কারণে গুরুত্বপূর্ণ দুই রেলপথে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনের চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে।

আরও পড়ুন: নোবিপ্রবির জমি পুনরুদ্ধারে আইনগত বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কর্তব্যরত মাস্টার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অবরোধের কারণে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকে রয়েছে। একইভাবে নিরাপত্তাজনিত কারণে কক্সবাজারগামী বিরতিহীন আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস ট্রেনটিও ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করবে।

স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম—কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল নিয়ে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করে তা আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তের বিষয়ে ৪ জুন গেজেট প্রকাশিত হয়।

আরও পড়ুন: সহযোগিতা ও সংহতি যত শক্তিশালী হবে, রাষ্ট্র ততই শক্তিশালী হবে: সুনামগঞ্জ জেলা প্রশাসক

তাদের অভিযোগ, শুরু থেকেই এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা। তবে তাদের আপত্তির কোনো সমাধান হয়নি। এরই মধ্যে বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ভেঙে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত হওয়া বরিশল ইউনিয়নকে একীভূত করে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের একটি প্রস্তাব সামনে এসেছে।

স্থানীয়দের দাবি, জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে এ প্রস্তাবের সম্ভাব্যতা যাচাই করতে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পরই ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।

এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।