সিরাজগঞ্জে ফজরের নামাজ পড়ে হাঁটতে গিয়ে ট্রাকচাপায় নিহত ২
সিরাজগঞ্জে ফজরের নামাজ আদায়ের পর সকালে হাঁটতে বেরিয়ে প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। ঘন কুয়াশার মধ্যে মহাসড়ক দিয়ে হাঁটার সময় পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে হাটিকুমরুল হাইওয়ে ইন্টারচেঞ্জের আগে ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন
নিহতরা হলেন, হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক ঠান্ডু মিয়া (৬০) এবং দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে আব্দুল আলীম শেখ (৪০)। তিনি সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন, পুড়ল পুলিশের গাড়ি
তিনি জানান, সকালে ফজরের নামাজ শেষ করে ঠান্ডু মিয়া ও আব্দুল আলীম মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় ঘন কুয়াশার মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





