লালবাগে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের অর্থদাতা সাবেক নেতা গ্রেপ্তার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:০৭ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের আয়োজন, অর্থায়ন ও নেতৃত্ব দেওয়ার অভিযোগে মোস্তফা আহমেদ জুয়েল (৫০) নামে দলটির এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে লালবাগ থানাধীন পিলখানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন, আটক ১

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার মোস্তফা আহমেদ জুয়েল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক।

পুলিশ জানায়, গত ১৩ নভেম্বর দুপুর আনুমানিক দেড়টার দিকে আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে একটি ঝটিকা মিছিলের আয়োজন করা হয়।

আরও পড়ুন: ঘন কুয়াশায় ঢেকে গেছে রাজধানী, শীতের আগমনী বার্তা

পুলিশের অভিযোগ, ওই মিছিলের অন্যতম প্রধান আয়োজক, অর্থের জোগানদাতা ও সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন মোস্তফা আহমেদ জুয়েল।

পরবর্তী সময়ে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত দেড়টার দিকে পিলখানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে লালবাগ থানা পুলিশ।

গ্রেপ্তার মোস্তফা আহমেদ জুয়েলকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।