ইস্ত্রির আয়ে গড়া সংসার আগুনে পুড়ে ছাই, অসহায় দিলিপের পাশে প্রশাসন
একটি ছোট্ট সংসার। জীবিকার অবলম্বন কাপড় ইস্ত্রি করা। সীমিত আয়ে পরিবারের সদস্যদের নিয়ে কোনোরকমে চলছিল জীবন। কিন্তু মুহূর্তের আগুনে সেই সংসারের শেষ সম্বলটুকুও রইল না। নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ পুড়ে গেছে ঘরের সবকিছু। প্রাণে বাঁচলেও এক রাতেই নিঃস্ব হয়ে পড়েছে দিলিপ রজকের পরিবার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত আড়াইটার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসদরের ডাকবাংলোর পেছনে একটি টিনশেড ভাড়া বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের হিসাবে, আগুনে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন
জানা গেছে, দিলিপ রজক ডাকবাংলো চত্বরে কাপড় ইস্ত্রি করে সংসার চালান। ঘটনার সময় পরিবারের চার সদস্য দিলিপ, তাঁর স্ত্রী, মা ও ছোট ভাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুনের উত্তাপে ঘুম ভেঙে গেলে তাঁরা আগুনের ভয়াবহতা টের পান। পরে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসেন সবাই। প্রাণ বাঁচাতে পারলেও ঘরের কোনো মালামাল বের করার সুযোগ পাননি।
স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহযোগিতায় সকাল ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ঘরের আসবাবপত্র, পোশাক, নগদ টাকা ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন, পুড়ল পুলিশের গাড়ি
অগ্নিকাণ্ডের ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে দিলিপের স্ত্রী রত্না দাস বলেন, ‘আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। রাত আড়াইটার দিকে শরীরে প্রচণ্ড তাপ অনুভব করি। উঠে দেখি, ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। চিৎকার দিয়ে সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসি। অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারিনি। চোখের সামনেই সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।’
দিলিপ রজকের কণ্ঠেও ছিল সর্বস্ব হারানোর বেদনা। তিনি বলেন, ‘কাপড় ইস্ত্রি করে সংসার চালাই। অনেক কষ্টে যা কিছু গুছিয়েছিলাম, আগুনে সব শেষ হয়ে গেছে। নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র—কিছুই রক্ষা করতে পারিনি। সারা জীবনের সব হারিয়েছি, জানটা শুধু আছে। সব মিলিয়ে চার-পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের দুর্দশার খোঁজখবর নেন। তাৎক্ষণিক সহায়তা হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে নগদ ১০ হাজার টাকা, এক বস্তা শুকনা খাবার ও শীতবস্ত্র দেওয়া হয়।
ইউএনও রূপম দাস বলেন, ‘খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজখবর নিতে ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছি।’
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নানসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।





