চরফ্যাসনে আগাম তরমুজ চাষে কৃষকরা স্বাবলম্বী
ভোলার চরফ্যাসনের রসালো ফল তরমুজ উৎপাদনে দেশ জুড়ে খ্যাতি রয়েছে । এখানকার মাটি তরমুজ উৎপাদনের উপযোগী হওয়ায় মৌসুমে দেশের প্রতিটি জেলা উপজেলার চেয়ে সবচেয়ে বেশি তরমুজ এখানে উৎপাদন হয়।
মৌসুমী তরমুজ উৎপাদনের মত আগাম তরমুজ চাষেও ঝুঁকে পড়েছেন স্থানীয় চাষীরা। মালচিং পদ্ধতিতে খরস্রোতা তেতুলিয়া নদীর তীরের বালুমাটিতে তরমুজ চাষ করে এখানকার কৃষিতে নতুন মাত্রা যোগ করেছেন কৃষকরা। আগাম চাষেও রেকর্ড পরিমাণ তরমুজ উৎপাদন হয়েছে চরফ্যাসনে । চরফ্যাসন উপজেলা কৃষি বিভাগ জানায়, এ বছর আগাম জাতের তরমুজ চাষ হয়েছে প্রায় -১ শত একর জমিতে। যা গত বছরের তুলনায় ১০ গুণ বেশী হয়েছে। গত বছর চাষের জমির পরিমাণ ছিল মাত্র ১৫ একর। বৃষ্টির ঝুঁকির মধ্যেও মালচিং পদ্ধতি অনুসরণে উন্নত জাতের তরমুজ চাষে সফলতা পেয়েছেন কৃষকরা। উৎপাদিত তরমুজের নানা জাতের মধ্যে অন্যতম হলো সুপার কিং, থাই কিং, থাই সুপার, নিউ সুপার, গ্রেড ওয়ান ও আর্লি ওয়ানসহ বিভিন্ন জাত। কৃষি বিভাগের সহায়তা ও পরামর্শে গত বছর মাত্র ১৫ একর আগাম তরমুজ চাষ হলেও এবার তা বেড়ে দাড়িয়েছে -১ শত একরে। কৃষকরা একর প্রতি প্রায় ৫ লাখ টাকার তরমুজ বিক্রি করছেন। উৎপাদন খরচ বাদ দিয়ে তারা একর প্রতি ২ থেকে ৩ লাখ টাকা লাভবান হচ্ছেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন
তরমুজ চাষী কৃষক বেলাল কাজী ও জাফর কাজী জানান ,বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় চরের জমিতে আগাম তরমুজ চাষসহ অন্যান্য উচ্চ মূল্যের ফসল চাষের আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি চর প্রকল্পের প্রদর্শনীর আওতায় জৈবিকভাবে আগাম তরমুজ চাষের জন্য উন্নতমানের বীজ, সার ও অন্যান্য উপকরণাদি সরবরাহ করা হচ্ছে। এসব সুবিধা গ্রহণ করে তারা আগাম জাতের তরমুজ চাষে ব্যাপকভাবে লাভবান হচ্ছেন। তেঁতুলিয়া নদীর চরজুড়ে এখন তরমুজের সবুজ লতাপাতায় কৃষকের স্বপ্ন পূরণ হতে চলেছে। শতাধিক চাষীর তরমুজের জমির বেডগুলো মালচিং পেপার দিয়ে ঢাকা। পাতার আড়ালে বড় হচ্ছে বিভিন্ন জাতের তরমুজ। ভালো ফলন হওয়ায় ক্ষেত থেকেই পাইকারদের কাছে তরমুজ বিক্রি করে কৃষকরা স্বাবলম্বী হচ্ছেন। এসব তরমুজ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে কৃষকরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের বানিজ্যক খাতে ও অবদান রাখছেন। স্থানীয় কৃষক জাকির হোসেন বলেন, এ পদ্ধতিতে সেচের পানি, শ্রমিক ও কীটনাশকের খরচ কম লাগে।
জমিতে লবণাক্ততা থাকলেও ফসল নিয়ে আগের মতো কৃষকদের দুশ্চিন্তা করতে হয় না। আগে তরমুজ চাষ করে তেমন লাভবান হ ওয়া যেত না। মৌসুমে সব তরমুজের ফলন একসাথে আসায় লোকসানের ঝুঁকির মধ্যেই থাকতে হতো তাদের কে। এবারের মালচিং পদ্ধতিতে চাষ করে খরচ কমেছে, ফলনও ভালো হয়েছে। তাই তিনি এবার লাভের আশাই করছেন। চরফ্যাসন উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ নাজমুল হুদা জানান, চরফ্যাসন উপজেলা তরমুজ চাষের জন্য প্রসিদ্ধ । প্রতিবছর এখানে ১০ থেকে ১২ হাজার হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়ে থাকে। গত মৌসুমে চরফ্যাসনে ১২ হাজার ৮ শত ৭৫ হেক্টর জমিতে মৌসুমী তরমুজ চাষ হয়েছিল। তবে মুজিবনগর ইউনিয়নের তেতুলিয়ার চরের বালু মাটিতে আগাম তরমুজ চাষ চরফ্যাসনের কৃষিতে নতুন মাত্রা যোগ করেছে। মৌসুমের সময় একসাথে অনেক তরমুজ বাজারে আসলে ন্যায্য মূল্য নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। অনেক ক্ষেত্রেই ভালো দাম না পেয়ে কৃষকরা ক্ষতির সম্মূখীন হন। একারণে মুজিব নগরের কৃষকরা আগাম তরমুজ চাষে ঝুকছেন।
আরও পড়ুন: জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন, পুড়ল পুলিশের গাড়ি





