পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ ও আহত ২
পিরোজপুরের বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আপন দুই খালাতো ভাই রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মানিক, সম্পাদক জি কিবরিয়া
নিহতরা হলেন কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে শান্ত (২৩), বাবর মাঝীর ছেলে সুনান মাঝী (২০) এবং সুনানের খালাতো ভাই সাজিদ (২৩)।
আহতরা হলেন কাউখালী উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. মাহফুজুর রহমান (২৫) এবং পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া এলাকার মধুর ছেলে জয় (২৬)। জয় পিরোজপুর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
আরও পড়ুন: বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে সল্টগোলা-নিউমুরিং সড়কের যোগাযোগব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে দুটি মোটরসাইকেলে পাঁচজন আরোহী কাউখালীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুটি বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচ আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে জয় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। অন্য আহতদের মধ্যে শান্ত ও মাহফুজুর রহমানের পরিচয় শনাক্তের পর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। স্বজনেরা হাসপাতালে এসে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনায় নিয়ে যান। সেখানে চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। মাহফুজুর রহমান এখনো চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, আহত দুই খালাতো ভাই সুনান মাঝী ও সাজিদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। পরে রাতে পরিচয় শনাক্ত হলে পরিবারকে খবর দেওয়া হয়। তাদের দুজনকে পিরোজপুর জেলা হাসপাতাল থেকে খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) জানান, আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। প্রথমে দুজনকে খুলনায় পাঠানো হয়। বাকি দুজনের অবস্থার অবনতি হলে তাদেরও খুলনায় পাঠানো হয়।





