আইসিজের ঐতিহাসিক রায়
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন ও ক্ষতিপূরণ দিতে হবে
* ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে, হত্যার শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হয়েছে
* রোহিঙ্গা গণহত্যায় জড়িত মিয়ানমারের সেনাবাহিনী
আরও পড়ুন: বহুমুখী সংকটে বাংলাদেশের শিশুরা
* রোহিঙ্গাদের বংশবৃদ্ধি ঠেকাতে রাষ্ট্রীয় পরিকল্পনা ছিল
* রোহিঙ্গাদের জন্মহার কমানোর লক্ষ্য ছিল মিয়ানমারের
আরও পড়ুন: নিষিদ্ধ লীগের নাশকতা ঠেকাতে এবার মাঠে জুলাই ঐক্য শক্তি
* এই রায় ‘রোহিঙ্গাদের দুর্ভোগের দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি’: হিউম্যান রাইটস ওয়াচ
রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে রায় দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। একই সঙ্গে গণহত্যার দায়ে মিয়ানমারকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। গতকাল বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে গাম্বিয়ার দায়ের করা ঐতিহাসিক গণহত্যা মামলার রায় ঘোষণার সময় আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া এ নির্দেশ দেন। ১৫ সদস্যের বিচারক প্যানেল ৯-৬ ভোটে রায় দিয়েছেন, ২০১৬-১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক মানুষকে হত্যা, ব্যাপক যৌন সহিংসতা এবং শিশুদের উপর নৃশংসতা চালিয়েছে। রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়ে আদালত বলেছেন, মিয়ানমারের কর্মকাণ্ডের পেছনে উত্তর রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশকে ধ্বংস করার সুস্পষ্ট উদ্দেশ্য ছিল।
আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি বিষয়ক সনদের অধীনে থাকা বাধ্যবাধকতা লঙ্ঘন করে উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার।’ প্রায় তিন ঘণ্টা ধরে দেওয়া রায়ে তিনি আরও বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে, নারীদের বিরুদ্ধে ‘ব্যাপক যৌন সহিংসতা’ চালিয়েছে এবং শিশুদের বিরুদ্ধে ‘চরম সহিংস’ কর্মকাণ্ড ঘটিয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইওয়াসাওয়া ইউজি রায়ের চতুর্থ সিদ্ধান্তটি পড়ে শোনান। এতে ১১-৪ ভোটে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, গণহত্যা এবং জেনোসাইড কনভেনশন বা গণহত্যা সনদের তৃতীয় অনুচ্ছেদে তালিকাভুক্ত অন্যান্য অপরাধের শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে মিয়ানমার।
রাখাইনে রোহিঙ্গাদের উপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে দেওয়া আইসিজের রায় হলো যেভাবে, তা এখানে তুলে ধরা হলো- ৯-৬ ভোটে আইসিজে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, মিয়ানমার ‘উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।’ আদালত প্রমাণ পেয়েছে যে, নিজস্ব নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সাধারণ ব্যক্তিদের দ্বারা সংঘটিত গণহত্যা প্রতিরোধ করার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে মিয়ানমার। প্রথম দুইটি কাউন্টের অর্থ, আইসিজের ১৫ জন বিচারকের মধ্যে ৯ জনই মিয়ানমার যে গণহত্যা চালিয়েছে এবং সেটি প্রতিরোধ করার আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে সেই রায়ের পক্ষে ভোট দিয়েছেন। আর বাকি ৬ বিচারক এর বিরুদ্ধে রায় দিয়েছেন। তিন নম্বর কাউন্টে, ১৪ জন বিচারক মিয়ানমার রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে প্রকাশ্যে গণহত্যার উসকানি দেয়নি বলে রায় দিয়েছে। তবে এই রায়ে একজন বিচারক দ্বিমত পোষণ করেছেন।
রায়ে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশ ও অন্যান্য দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ নিজ বসতভিটায় নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গণহত্যার দায়ে অভিযুক্ত সন্দেহভাজন যেকোনো ব্যক্তির বিরুদ্ধে মিয়ানমারকে অবশ্যই তদন্ত ও শাস্তি দিতে হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারকেরা। বিচারক ইউজি বলেন, ‘গণহত্যা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ফলে রোহিঙ্গা জনগোষ্ঠীর যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তার আনুপাতিক ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য।’
এই রায় ‘রোহিঙ্গাদের দুর্ভোগের দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি’: হিউম্যান রাইটস ওয়াচ- আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, আইসিজের এই রায় মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গারা যে দুর্ভোগ সহ্য করেছে, তার দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি। সংস্থাটির জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিচারবিষয়ক পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলি বলেন, ‘এই রায় বিশ্বজুড়ে গণহত্যা এবং অন্যান্য গুরুতর অপরাধে যারা ভুক্তভোগী, তাদের ন্যায়বিচারের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে।’ ভিগনোলি আরও বলেন, মিয়ানমারের উচিত ‘দ্রুত আদালতের এই রায় মেনে চলা এবং রোহিঙ্গাদের উপর নিপীড়ন বন্ধ করা এবং সংশ্লিষ্ট সরকারগুলোর উচিত মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছায় ফেরত পাঠানো নিশ্চিত করা।’
ফেসবুকে মিয়ানমার গণহত্যার উসকানি দিয়েছিল এ বিষয়ে ‘পুরোপুরি নিশ্চিত নয়’ আদালত: আইসিজের বিচারক ইউজি রায়ে বলেন, আদালত মনে করে সামরিক বাহিনীর কিছু ফেসবুক বার্তায় ‘নন-রোহিঙ্গা জনগোষ্ঠীকে একটি গোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতায় জড়াতে উৎসাহিত করার চেষ্টা করা হয়েছিল।’ তবে আদালত এটি মনে করে না যে ওই পোস্টগুলো ‘পুরোপুরি বা আংশিকভাবে ওই জনগোষ্ঠীকে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় নিয়ে করা হয়েছিল। কিন্তু পোস্টের পাঠকরা বার্তাগুলোকে সেভাবে বুঝেছিল বলে মনে হয় না।’ ফলে আদালত এই বিষয়ে ‘পুরোপুরি নিশ্চিত নয়’ যে মিয়ানমার ‘বেসরকারি ব্যক্তি বা গোষ্ঠীর মাধ্যমে রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রকাশ্যে ও সরাসরি গণহত্যার উসকানি দিচ্ছিল।’ রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর জেনোসাইডের অভিযোগে করা মামলার রায়ে আইসিজের বিচারক ইওয়াসাওয়া ইউজি বলেন, মিয়ানমার মরদেহ পুড়িয়ে ফেলে বা অন্য কোনো উপায়ে তা সরিয়ে দিয়ে ‘ব্যাপক আকারে প্রমাণ ধ্বংস করার’ কাজে লিপ্ত ছিল। তিনি আরও বলেন, যেসব স্থানে ‘ক্লিয়ারেন্স অপারেশন বা শুদ্ধি অভিযান’ চালানো হয়েছিল, সেগুলোও পুড়িয়ে এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। যার ফলে ২০১৭ সালে কী ঘটেছিল, সে বিষয়ে কার্যকর কোনো তদন্ত পরিচালনায় বাধা সৃষ্টি হয়।
প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টের শেষ দিকে রাখাইনে ব্যাপক সামরিক অভিযানের মুখে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। প্রথম কয়েক দিন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি করলেও পরে রোহিঙ্গাদের প্রবেশ করতে দেয়। কয়েকদিনের মধ্যে সীমান্ত পাড়ি দিয়ে নাফ নদী পার হয়ে ছোট ছোট নৌকায় করে স্রোতের মতো লাখ লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে প্রবেশ করেন। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে বিপুলসংখ্যক রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছেন। তাদের বড় অংশ প্রায় এক দশক ধরে নিজ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি দায়ের করে। এতে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়। ৭ বছর ধরে বিচারকাজ পরিচালনার পর রায় ঘোষণা করলেন আইসিজের বিচারকেরা।





