নেত্রকোণা সীমান্তে বিজিবির অভিযানে ২০৩ বোতল ভারতীয় মদ জব্দ
নেত্রকোণা ও ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২০৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪ হাজার ৫০০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আরও পড়ুন: গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল দুই মহাসড়ক, ৭৫ কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩২টি
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাদামবাড়ী এলাকায় অভিযান চালায় নলুয়াপাড়া বিওপির সদস্যরা। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৭৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
অন্যদিকে, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার গাছুয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাঝপাড়া বিওপির সদস্যরা। এ সময় আরও ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
আরও পড়ুন: ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মানিক, সম্পাদক জি কিবরিয়া
দুটি অভিযানে সর্বমোট ২০৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। জব্দ করা মদ নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে।





